কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার রাজপথে কর্মসূচির ডাক দেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সকালে বিমানবন্দর এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে জলকামান। বিরাটি ও বাঁকড়া এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা।
প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়েছে, একসঙ্গে চারজনের বেশি জমায়েত করা যাবে না। নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়দের কাছে ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত এই মসজিদটি কলকাতা বিমানবন্দরের ভেতরে অবস্থিত। বিমান ওঠানামার নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হচ্ছে— এমন দাবি তুলে মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক।

ডেস্ক রিপোর্ট 

























