ইতালিতে বসবাসরত কাগজবিহীন অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। নতুন নির্দেশনা অনুযায়ী, শুধু অবৈধভাবে প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শেনজেন ইনফরমেশন সিস্টেম বা এসআইএসে প্রশাসনিক সংকেত থাকলেই ২০২০ সালের ইমার্সিওন বা স্যানাটোরিয়া কর্মসূচির আবেদন আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না।
আদালত জানিয়েছে, আবেদন বাতিলের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির পরিস্থিতি আলাদাভাবে যাচাই করতে হবে। শুধু এসআইএসে থাকা তথ্যের ভিত্তিতে কোনো আবেদন প্রত্যাখ্যান করা যাবে না।
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের। যাদের স্যানাটোরিয়া আবেদন অবৈধ প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে আটকে ছিল কিংবা বাতিল হয়েছিল, তাদের আবেদন এখন নতুন করে মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর কর্মসংস্থান, ইতালিতে অবস্থানের বাস্তবতা, ব্যক্তিগত পরিস্থিতি এবং জননিরাপত্তার বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
তবে আদালত স্পষ্ট করেছে, গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার বা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যাদের আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে আছে বা একই কারণে প্রত্যাখ্যাত হয়েছে, তারা আইনজীবীর সহায়তায় নিজেদের আবেদন পুনর্বিবেচনার সুযোগ নিতে পারেন।

ডেস্ক রিপোর্ট 

























