বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ শুরু হচ্ছে রোববার। এবারের মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন।
ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, এই যৌথ মহড়ার লক্ষ্য দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাগত সম্পর্ক এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও শক্তিশালী করা।
এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী অপারেশন এবং যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা ও উদ্ধার–সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ে বিভিন্ন অনুশীলনও অনুষ্ঠিত হবে।
মহড়ার শেষ পর্বে থাকবে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ, যেখানে বাস্তব পরিস্থিতির অনুকরণে যৌথ অভিযান পরিচালনার মহড়া দেওয়া হবে।
উল্লেখ্য, ‘টাইগার লাইটনিং’ যৌথ সামরিক মহড়া ২০১৭ সালে শুরু হয়। কোভিড-১৯ মহামারির সময় সাময়িক বিরতির পর গত কয়েক বছর ধরে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের আশা, এবারের মহড়া দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও একধাপ এগিয়ে নেবে।

ডেস্ক রিপোর্ট 


















