সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর গত ১৭ বছরে আরোপিত বিভিন্ন ‘কালো আইন’ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, সংবাদপত্র ও গণমাধ্যম–সংশ্লিষ্ট বিদ্যমান আইনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে।
তবে কিছু মোবাইল সাংবাদিকের অপেশাদার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে আতিকুর রহমান রুমন বলেন, সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনে উসকানিমূলক ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বানও জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

ডেস্ক রিপোর্ট 


















