পাকিস্তান এবং সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে, যেখানে বলা হয়েছে, কোনো এক দেশের ওপর হামলা হলে তা উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। চুক্তি স্বাক্ষরিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সৌদি আরব সফরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর।

দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিটি প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব ও ইসলামী ভ্রাতৃত্বের ওপর ভিত্তি করে করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।

ভারত এই চুক্তিকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই উদ্যোগের সম্ভাব্য প্রভাব, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর প্রভাব খতিয়ে দেখবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “জাতীয় স্বার্থ রক্ষা ও সর্বস্তরে সমন্বিত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই ভারত সরকারের অঙ্গীকার।”