চলমান সংকটময় পরিস্থিতিতে ইরানি জনগণকে দৃঢ় মনোবল বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, “আজ পর্যন্ত আপনাদের যে আচরণ ছিল, তা চালিয়ে যান। এই আচরণ শক্তির সঙ্গে চালিয়ে যান।” তিনি আরও সতর্ক করে বলেন, “যদি শত্রু বুঝতে পারে যে, আপনারা তাদের ভয় পান—তবে তারা আপনাদের ছেড়ে দেবে না।”
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ইসরায়েলি হামলা ও আন্তর্জাতিক চাপের মুখে ইরানি জনমনে সাহস জোগাতে এবং প্রতিরোধ চেতনা আরও জোরালো করতে দেয়া হয়েছে।
এদিকে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সংকট উত্তরণের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “সব মন্ত্রণালয় এবং সরকারি এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার।”
তিনি আরও বলেন, “ঈশ্বরের কৃপা, সংহতি ও সহানুভূতির মাধ্যমে আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব।”
বিবিসি জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনা, ইসরায়েলি হামলা ও অর্থনৈতিক চাপে বিপর্যস্ত ইরান সরকার এখন একযোগে রাজনৈতিক ও সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে। শীর্ষ নেতৃত্বের এমন বার্তা দেশজুড়ে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র: বিবিসি, এক্স।

ডেস্ক রিপোর্ট 




















