ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত হয়েছেন এক মার্কিন সেনা। একই ঘটনায় আরও এক সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড—সেন্টকম।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ১৮ জুলাই উত্তর ইরাকে অভিযান চলাকালে ড্রোনটির বিস্ফোরক নিরাপদে ধ্বংসের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এ ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সাম্প্রতিক সংঘাত শুরুর পর নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এর আগে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। সেন্টকম জানিয়েছে, নিখোঁজ সেনার সম্ভাব্য দেহাবশেষ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় নিশ্চিতের প্রক্রিয়া চলছে।
এদিকে টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিক, শাদেগান ও আবাদান এলাকায় নতুন করে মার্কিন হামলা হয়েছে। পাশাপাশি নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও হামলার অভিযোগ তুলেছে দেশটি। তবে এ বিষয়ে তথ্য যাচাই করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা—আইএইএ।
অন্যদিকে কুয়েত, বাহরাইন ও জর্ডানও ইরানি হামলা প্রতিহতের দাবি করেছে। ফলে মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।

ডেস্ক রিপোর্ট 

























