যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত কবে শেষ হবে—এ প্রশ্নে এবার স্পষ্ট বার্তা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সামরিক ও কৌশলগতভাবে শক্ত অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধের ইতি টানার প্রশ্নই আসে না।
রোববার (১৯ জুলাই) তেহরানে এক কূটনৈতিক ব্রিফিংয়ে আব্বাস আরাগচি বলেন, যেকোনো যুদ্ধের সমাপ্তি সাধারণত হয় দুটি পথে—পূর্ণাঙ্গ সামরিক বিজয় অথবা আলোচনার মাধ্যমে। তবে আলোচনার টেবিলে বসার উপযুক্ত সময় তখনই আসে, যখন রণক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ও কৌশলগত সুবিধাজনক অবস্থান অর্জিত হয়।
তিনি জানান, ইরান এখন এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যা দেশের জনগণ বা রাষ্ট্রের ভবিষ্যৎকে অপ্রয়োজনীয় ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে এবং পূর্ণাঙ্গ হিসাব-নিকাশের ভিত্তিতে নেওয়া হচ্ছে।
আরাগচির দাবি, চলমান সংঘাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও আন্তর্জাতিক অঙ্গনে ইরান নিজেদের সক্ষমতা প্রদর্শন করতে পেরেছে। তার ভাষায়, এই যুদ্ধ ইরানকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি হিসেবে নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র একদিকে সামরিক অভিযান অব্যাহত রাখলেও, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার কথা বলছে। ফলে যুদ্ধের ময়দানে সংঘর্ষ চললেও, শেষ পর্যন্ত সংকটের সমাধান কোন পথে হবে—সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।

ডেস্ক রিপোর্ট 

























