মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলের চেষ্টা করে, তবে তার কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের দাবি, দেশটির শীর্ষ নেতৃত্ব এখনো সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের অপেক্ষায় রয়েছে।
সোমবার (২০ জুলাই) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র যদি দক্ষিণাঞ্চলীয় খার্গ দ্বীপে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। তার ভাষায়, ইরানের অনেক শীর্ষ নেতা মার্কিন স্থল বাহিনীর আগমনের খবর উদযাপন করতে এবং তাদের মোকাবিলার জন্য ‘মিনিট গুনছেন’।
পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। সাম্প্রতিক যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই দ্বীপ দখলের ইঙ্গিত দেওয়ার পরই তেহরানের পক্ষ থেকে এ কঠোর প্রতিক্রিয়া আসে।
ইসমাইল বাঘেই আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যেকোনো আগ্রাসনের জবাবে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও পুনর্ব্যক্ত করেছে তেহরান।
খার্গ দ্বীপ ঘিরে নতুন এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডেস্ক রিপোর্ট 





















