সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেসের (সিএমএফ) অংশ হিসেবে পরিচালিত অভিযানে পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে দুটি নৌযান থেকে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।

বুধবার এক বিবৃতিতে সিএমএফ জানায়, গত সপ্তাহে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক অভিযানে নৌযানগুলো আটক করা হয় এবং মোট ৯৭ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের ক্রিস্টাল মেথামফেটামিন (আইস) ও কোকেন জব্দ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ১৮ অক্টোবর প্রথম অভিযানে দুই টনেরও বেশি আইস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮২ কোটি ২৪ লাখ ডলার। এরপরের অভিযানে ১৪ কোটি ডলার মূল্যের ৩৫০ কেজি আইস এবং এক কোটি ডলারের ৫০ কেজি কোকেন পাওয়া যায়।

সিএমএফ জানায়, আটক নৌযানগুলোর কোনো জাতীয়তা চিহ্নিত করা যায়নি। অভিযানগুলো পরিচালিত হয় কম্বাইন্ড টাস্ক ফোর্স ১৫০-এর সরাসরি সমর্থনে, যা সৌদি আরবের নেতৃত্বে পরিচালিত।

অভিযানের তত্ত্বাবধায়ক সৌদি নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াইদ একে সিএমএফের ইতিহাসে “সবচেয়ে সফল মাদক জব্দ অভিযানের একটি” বলে উল্লেখ করেন।

সিএমএফ ৪৭টি দেশের যৌথ নৌ জোট, যারা ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমায় চোরাচালান রোধ ও নৌ নিরাপত্তা বজায় রাখতে কাজ করছে।

পাকিস্তান নৌবাহিনী এক পৃথক বিবৃতিতে জানায়, এই সাফল্য আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বৈশ্বিক শান্তি ও সমুদ্রপথে অবৈধ পাচারের বিরুদ্ধে তাদের অঙ্গীকারের প্রতিফলন।