ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যঘরে শুরু হয়েছে মন্তব্যের ঝড়। অভিনেত্রী রাখি সাওয়ান্তের একটি মন্তব্য ভাইরাল হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া স্ক্রিনশট অনুযায়ী, মেলোনির একটি ভিডিও পোস্টের মন্তব্যে রাখি সাওয়ান্ত লিখেছেন, “দয়া করে আপনার প্রেমিককে পদত্যাগ করতে বলুন।” এরপর একই পোস্টে অসংখ্য ব্যবহারকারী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে নানা মন্তব্য করতে শুরু করেন।
অনেকেই মেলোনির কাছে অনুরোধ জানিয়ে লিখেছেন, তিনি যেন মোদিকে পদত্যাগ করতে বলেন। কেউ শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন, আবার কেউ চলমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব মন্তব্যে অনেক ব্যবহারকারী রসিকতার ভঙ্গিতে মোদিকে মেলোনির ‘প্রেমিক’ বলেও উল্লেখ করছেন। এর পেছনে রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে দুই নেতার আন্তরিক উপস্থিতি এবং তাদের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক নিয়ে আগে থেকে চলা অনলাইন আলোচনা।
এদিকে, ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তরুণদের একটি প্ল্যাটফর্ম। প্রশ্নপত্র ফাঁসের তদন্ত, দায়ীদের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
এরই মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। তিনি বলেন, আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
তবে মেলোনির পোস্টে ভাইরাল হওয়া এসব মন্তব্য সম্পূর্ণই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

ডেস্ক রিপোর্ট 



















