মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর আগে ইরানকে গোয়েন্দা তথ্য ও সামরিক প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি দাবি করেন, রাশিয়া ও ইরানের মধ্যে একটি ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা গড়ে উঠেছে।
বিবিসি ব্রেকফাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে জন হিলি বলেন, রাশিয়া ও ইরান মিলে একটি ‘অ্যাক্সিস অব অ্যাগ্রেসন’ বা ‘আগ্রাসনের অক্ষ’ তৈরি করেছে। তার ভাষায়, ইরানের কর্মকাণ্ডের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘অদৃশ্য হাত’ রয়েছে।
হিলি আরও অভিযোগ করেন, ইউক্রেনে চলমান যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরিয়ে নিতে পুতিন মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে ব্যবহার করতে চাইছেন। তবে যুক্তরাজ্য এ ধরনের কৌশল সফল হতে দেবে না বলেও তিনি মন্তব্য করেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জানান, চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের জাতীয় স্বার্থ, সামরিক স্থাপনা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিটিশ বিমানবাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে এক হাজার ঘণ্টারও বেশি সময় আকাশে টহল দিয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























