স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে ‘শিক্ষকের ভূমিকা পালন করার’ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, শিক্ষকতা করতে হলে সংসদে নয়, বিশ্ববিদ্যালয় খুলতে হবে। কারণ, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে সংসদে আসেননি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সংসদ অধিবেশন শুরুর পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী সদস্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছেন। তার ভাষায়, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন, তা তিনি বুঝতে পারছেন না।
তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। এর জবাবে জামায়াত আমির বলেন, ‘আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি।’
একপর্যায়ে এমন বক্তব্যের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাসতেও দেখা যায়।
শফিকুর রহমান আরও অভিযোগ করেন, একই বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ও তার সহকর্মীদের দুইবার আক্রমণ করেছেন। এ ধরনের আচরণকে তিনি ‘পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম’ বলে মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, সংসদের সৌন্দর্য ও কার্যপ্রণালির স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করতে হবে এবং বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে হবে।
তিনি স্পষ্ট করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখপ্রকাশ না করা পর্যন্ত অপমান নিয়ে সংসদে বসার প্রশ্নই আসে না।

ডেস্ক রিপোর্ট 




















