মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত তাদের বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড—সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত এবং ইরানের সময় বৃহস্পতিবার ভোরে হামলা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম এটিকে ইরানের সাম্প্রতিক পদক্ষেপের ‘শক্ত জবাব’ বলে উল্লেখ করেছে।
হামলার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘খুব কঠোর’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। মিশরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি এলএনজি ট্যাংকারে ড্রোন হামলার পর তিনি বলেন, এবার জবাব দেওয়ার পালা যুক্তরাষ্ট্রের।
এদিকে হামলার পর দক্ষিণ ইরানের একাধিক শহরে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদানে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে।
এছাড়া হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস, আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহর প্রদেশ, যেখানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত, সেখান থেকেও বিস্ফোরণের খবর এসেছে।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে। স্থানীয়দের দাবি, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। নতুন এই হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 





















