বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হলেও, ভূ-রাজনীতি কিংবা ভারত-চীন প্রসঙ্গ বৈঠকে আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়েই ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁর ভাষায়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছে। তাই এই সম্পর্ক কোনো একক বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়; সব পর্যায়েই দুই দেশের সম্পৃক্ততা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, বৈঠকে ভারত, চীন বা মিয়ানমার-চীন করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি। গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে সার্জিও গোরের সঙ্গে সর্বশেষ বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 























