এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন,ক্যাম্পাস ছেড়ে দেশের ভাগ্য উন্নয়নে এসেছি।তিনি বলেন, আমার কখনো এ দেশে রাজনীতি করার কথা ছিল না। হাতিয়াতে নেতাগিরী করার ইচ্ছা ছিল না। ভাগ্য আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আমার কথা ছিল ক্যাম্পাসে থাকার, পড়ালেখা শেষে চাকরি করার। সেই ক্যাম্পাস থেকে আমাকে বের হয়ে এখানে এসে আজ কথা বলতে হচ্ছে।
গতকাল বুধবার (০১ অক্টোবর) রাতে নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এক পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এসব কথা বলেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, এ দেশে রাজনৈতিক নেতৃত্ব ধান্ধাবাজ ও চাঁদাবাজীর নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাই আমাদেরকে হাল ধরতে হয়েছে। তারা সফল ও সঠিকভাবে রাষ্ট্র পরিচলনা করলে নিজেদের মধ্যে হানাহানি মারামারি না করে পরস্পরের সহযোগিতা করলে আমাদেরকে রাজনীতির মাঠে আসতে হত না।
এনসিপির এ নেতা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা মনে করি হিন্দু মুসলিম সবাই এদেশের নাগরিক। মুসলিম ভাইয়েরা মসজিদে যেভাবে নিরাপদে নামাজ আদায় করতে পারেন। তাহলে হিন্দুরা তাদের পূজা উৎসবে কেন ভয়ে থাকতে হবে। এদেশে সংখ্যালগু বলতে কিছু নেই। আমাদের প্রত্যেকের পরিচয় বাংলাদেশি। এলাকার যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডে এবং সুখেদুখে আমি সব সময় আপনাদের পাশে থাকবো।

ডেস্ক রিপোর্ট 

























