মেট্রোরেলসহ দেশের সামগ্রিক নিরাপত্তা ও দুর্নীতির প্রসঙ্গ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। তার আবেগঘন এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
স্ট্যাটাসে ইরফান সাজ্জাদ লিখেছেন, “একটা দেশ, না আপনাকে শান্তিতে বাঁচতে দিবে, না শান্তিতে মরতে দিবে… মেট্রো বানিয়েছে ভালো কথা, কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য এক্সপার্ট লোক কি আছে আসলে? এখন তো মেট্রোতে চললেও রিস্ক, মেট্রোর নিচ দিয়ে গেলেও রিস্ক।”
তিনি আরও লিখেন, “এই দুর্নীতিগ্রস্ত দেশটাতে কখনো রাজারা মরবে না, শুধু প্রজারা জীবন দিয়ে যাবে—কারণে অকারণে… আল্লাহ আপনাকে বেহেস্ত নসিব করুক ভাই।”
সাজ্জাদের এই পোস্টে সাধারণ মানুষ থেকে শুরু করে সহকর্মী শিল্পীরাও সহমত প্রকাশ করেছেন। কেউ বলেছেন, এটি কেবল একজন শিল্পীর কষ্টের কথা নয়, বরং পুরো প্রজন্মের হতাশার বহিঃপ্রকাশ। অনেকে মন্তব্য করেছেন, উন্নয়নের আড়ালে থাকা নিরাপত্তাহীনতা ও সিস্টেমের দুর্নীতিই মানুষের মধ্যে ভয় ও ক্ষোভ বাড়িয়ে দিচ্ছে।
সামাজিক মাধ্যমে তার এই বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় বিষয়টি রাজনৈতিক ও সামাজিক মহলেও আলোচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, জনপ্রিয় ব্যক্তিত্বরা যখন এভাবে সরব হন, তখন তা সাধারণ মানুষের অনুভূতিকে আরও জোরালোভাবে সামনে নিয়ে আসে।

ডেস্ক রিপোর্ট 

























