আগামী ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে রাজধানী ঢাকায় সহিংস কার্যক্রম অব্যাহত রেখেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট ও বিজ্ঞান ভবন—এই পাঁচ স্থাপনায় তালা ঝুলানো হয় বলে জানা গেছে।
ঘটনার কিছু ছবি ফেসবুকে শেয়ার করে ঢাবি শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি মাজহারুল কবির শয়ন লেখেন,
“১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।”
একই ছবি শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ লেখেন,
“দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার ঢাবিকে স্বাধীনতাবিরোধী শক্তির হাত থেকে মুক্ত করতে হবে।”
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
“তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে তালাগুলো ভেঙে ফেলা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে এবং সিকিউরিটি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত নিয়েও কথা হয়েছে প্রক্টর মহোদয়ের সঙ্গে।”
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 

























