জাহিদ শিকদার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বাহেরচর-কাছিপাড়া সড়কে ট্রলি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী মোঃ নিজাম উদ্দিন রাড়ি নিহতের ঘটনায় দীর্ঘ ১১ মাস পর অভিযুক্ত ট্রলি চালক রিয়াজকে গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ।
গ্রেফতারকৃত রিয়াজ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালু খানের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত বছরের ৬ এপ্রিল ২০২৫ (রবিবার) বাহেরচর-কাছিপাড়া সড়কে অবৈধ ট্রলি গাড়ির চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী নিজাম উদ্দিন রাড়ি। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে চলাচলকারী ট্রলি গাড়ির বেপরোয়া চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে কাছিপাড়া ইউনিয়নে অবৈধ ট্রলি চলাচল বন্ধ রয়েছে বলে জানান স্থানীয়রা । স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর হলেও অভিযুক্ত গ্রেফতার হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ডেস্ক রিপোর্ট 
























