রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়াবাদ বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানির সংকট দেখা দিয়েছে। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে কালশীর বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এরপর প্রায় ২ ঘণ্টা অতিবাহিত হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে মিরপুরের কালশীর বাউনিয়াবাদ বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর পরপর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বিবেচনায় একে একে আরও ১৩টি ইউনিট যুক্ত হয়।
এদিকে ক্রমেই আগুনের তীব্রতা বেড়ে তা চারদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন যাতে নতুন করে পার্শ্ববর্তী এলাকাগুলোয় ছড়িয়ে না পড়ে, সেজন্য স্থানীয়দের সহায়তায় যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন।

ডেস্ক রিপোর্ট 


















