দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার পর ব্যাপক সাড়া মিলেছে। সেবা চালুর প্রথম ২৪ ঘণ্টাতেই এক লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
শুক্রবার এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের বিপুল সাড়া তাদের উৎসাহিত করেছে।
এ পরিস্থিতিতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন। পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে কাজ চলছে বলেও জানানো হয়েছে।
হাইকমিশনের ভাষ্য, ভিসা পরিষেবার পরিধি বাড়ানোর পাশাপাশি আবেদনকারীদের জন্য আরও সুবিধাজনক ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
বার্তায় আরও বলা হয়, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও গভীর করতেই তারা কাজ করে যাচ্ছে।

ডেস্ক রিপোর্ট 






















