বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ৭২ বছর পর শেষ আটে ওঠা সুইজারল্যান্ড। মাঠের লড়াইয়ের আগে আলোচনায় এসেছে আরেকটি বিষয়—এই হাইভোল্টেজ ম্যাচের রেফারিং। বিতর্কে ঘেরা এবারের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়াও পিনহেইরোকে।
ফিফার ঘোষণায় জানা গেছে, কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির মূল রেফারি থাকবেন ৪৭ বছর বয়সী জোয়াও পিনহেইরো। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পরিচালনা করেছেন ৪২১টি ম্যাচ। এই সময়ে দেখিয়েছেন ১ হাজার ৮৮৬টি হলুদ কার্ড ও ১৩৯টি লাল কার্ড। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে প্রায় সাড়ে চারটি হলুদ কার্ড দেখানোর রেকর্ড রয়েছে তার।
এবারই প্রথম বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন এই পর্তুগিজ রেফারি। গ্রুপ পর্বে সুইজারল্যান্ড-বসনিয়া ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি, যেখানে সুইসরা ৪-১ ব্যবধানে জয় পায়। ওই ম্যাচে তিনটি হলুদ কার্ডের পাশাপাশি বসনিয়ার তারিক মুহারেমোভিচকে লাল কার্ডও দেখান তিনি। এছাড়া শেষ ষোলোতে কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও দায়িত্ব পালন করেন পিনহেইরো। তবে এবারই প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার কোনো ম্যাচে বাঁশি বাজাতে যাচ্ছেন তিনি।
ইউরোপীয় ফুটবলেও পরিচিত মুখ জোয়াও পিনহেইরো। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে রেফারিং শুরু করার পর ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্ত হন। এরপর নিয়মিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপীয় প্রতিযোগিতা এবং বড় বড় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। গত মৌসুমে উয়েফা সুপার কাপের ফাইনালেও ছিলেন ম্যাচ রেফারি।
তবে বিতর্কও পিছু ছাড়েনি তাকে। পিএসজি ও টটেনহামের উয়েফা সুপার কাপ ফাইনালে একটি সম্ভাব্য হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়। এমনকি ভিএআর থেকেও তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ডাকা হয়নি, যা নিয়ে ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশ করেছিল সংশ্লিষ্ট দল।
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে পিনহেইরোর সহকারী হিসেবে থাকবেন পর্তুগালের ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। আর চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার।
বিশ্বকাপের নকআউট পর্বে একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। তাই কোয়ার্টার ফাইনালের এই মহারণে দুই দলের পাশাপাশি জোয়াও পিনহেইরো ও তার রেফারিং দলও থাকবে ফুটবল বিশ্বের কড়া নজরে।

ডেস্ক রিপোর্ট 






















