বিশ্ব ফুটবলে গত এক দশকের অন্যতম সফল দল ফ্রান্স। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপেও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল দিদিয়ের দেশমের দল। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান রানার্সআপরা। আর এই অর্জনের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে ফরাসিরা।
কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে সহজ জয় তুলে নেয় ফ্রান্স। এই জয়ের ফলে বিশ্বকাপ ইতিহাসে অষ্টমবারের মতো শেষ চারে উঠল তারা। এর মাধ্যমে অন্তত আটবার সেমিফাইনাল খেলা ইতিহাসের মাত্র তৃতীয় দল হয়ে গেল ফ্রান্স। এই তালিকায় সবার ওপরে রয়েছে ১২ বার সেমিফাইনাল খেলা জার্মানি। আর আটবার করে সেমিফাইনালে উঠে ব্রাজিলের পাশে নাম লিখিয়েছে ফরাসিরা। ইতালি শেষ চারে উঠেছে সাতবার।
শুধু সেমিফাইনালের সংখ্যাই নয়, ধারাবাহিক সাফল্যের দিক থেকেও এখন ব্রাজিল ও জার্মানির কাতারে ফ্রান্স। ২০১৮, ২০২২ এবং ২০২৬—টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়ে বিরল এক কীর্তি গড়েছে দেশমের শিষ্যরা। এর আগে ১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল ব্রাজিল। আর ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে টানা চারটি বিশ্বকাপের শেষ চারে উঠেছিল জার্মানি।
২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েছিল ফ্রান্স। এবার আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ইউরোপের এই পরাশক্তি।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। এখন পর্যন্ত টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে নির্ধারিত ৯০ মিনিটেই পাঁচটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে তারা। পরিসংখ্যান বলছে, শুধু ফলেই নয়, পারফরম্যান্সেও এবার শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার দিদিয়ের দেশমের দল।

ডেস্ক রিপোর্ট 























