দীর্ঘ ১৭ বছর পর সিরিয়া সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার সকালে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
২০০৯ সালের পর এই প্রথম কোনো জাতিসংঘ মহাসচিব সিরিয়া সফর করছেন। এর মধ্যে দেশটি এক দশকেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সংকটের মধ্য দিয়ে গেছে।
সফরে গুতেরেস সিরিয়ার নতুন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা, জাতিসংঘের প্রতিনিধিদের এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে। এছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি অধিকৃত গোলান মালভূমি সফর করবেন এবং সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউএনডিওএফের কার্যক্রম পরিদর্শন করবেন।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই সফর সিরিয়ার পুনর্গঠন, স্থিতিশীলতা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে কয়েক দিন সিরিয়ায় অবস্থান করবেন গুতেরেস এবং বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

ডেস্ক রিপোর্ট 



















