কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া জানান, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্রশক্তির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল জানান, আজকের এনসিপির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নেয়। এ সময় ছাত্রদলের মমিনুল নামের এক কর্মী যাওয়ার পথে এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্র লীগের কর্মীরা এনসিপির হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাস্থলে পুলিশ ছিল। কয়েকজন আহত হয়েছেন। এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। হামলায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এ ছাড়া, আজ বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

ডেস্ক রিপোর্ট 



















