ইরানের হামলায় কুয়েতে একটি চীনা কোম্পানির ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো চীনা নাগরিক হতাহত হননি বলে জানিয়েছে বেইজিং। একই সঙ্গে কুয়েতে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
শুক্রবার (৩১ জুলাই) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তিনি বলেন, হামলায় একটি চীনা প্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো চীনা নাগরিক আহত বা ক্ষতিগ্রস্ত হননি।
মাও নিং আরও জানান, কুয়েতে থাকা চীনা নাগরিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কুয়েত সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এর আগে ইরানের হামলায় কুয়েতে একটি চীনা কোম্পানির মালিকানাধীন ভবনে আঘাত হানার খবর প্রকাশিত হয়। তবে ভবনটির ক্ষয়ক্ষতির পরিমাণ বা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বিদেশি নাগরিক ও বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 





















