ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দুই নেতার ফোনালাপে এ আহ্বান জানানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে শনিবার ফোনে কথা বলেন সৌদি যুবরাজ। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়িয়ে কূটনৈতিক সমাধানের পথে এগোনোর আহ্বান জানান এবং ইরানের ওপর সামরিক হামলা না চালানোর অনুরোধ করেন।
প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে সৌদি আরব উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা সম্পর্কে বিস্তারিত তথ্যও জানতে চেয়েছে রিয়াদ।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, সম্ভাব্য একটি চুক্তির অগ্রগতির কারণে তিনি ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত বাতিল করেছেন।
ট্রাম্পের ভাষ্য, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো গেলে হামলার পরিকল্পনা থেকে সরে থাকবে যুক্তরাষ্ট্র।
তবে এ বিষয়ে ইরান বা সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অতিরিক্ত প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: মিডল ইস্ট আই

ডেস্ক রিপোর্ট 























