মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুটপাতসহ বিভিন্ন স্থাপনা থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল বিদ্যুৎ বিভাগ।
এর ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সেখানে যান। পুলিশের দাবি, এ সময় মিজান তাদের কাজে বাধা দেন এবং চড়াও হন।
ওসি জানান, একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদেরও আঘাত করেন মিজান। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট 
























