প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা ইসরায়েলকে বলে তাদের পিতৃভূমি, তাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলা আঁতাত করতে চায়। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ৫ আগস্টের পর তাদের নেতা বললেন আওয়ামী লীগের সবাইকে মাফ করে দিবেন। তাহলে মুগ্ধের আত্মদান বৃথা, তাহলে ওয়াসিম আকরামের আত্মদান বৃথা, তাহলে আবু সাঈদ যে রক্ত ঝরালো নিজের বুকে বুলেট বরণ করল, সেই আত্মদান বৃথা? আপনি তাদের রক্তকে মাড়িয়ে তাদের ক্ষমা করে দেবেন এবং বলেছেন পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক গড়ে তুলবেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রধান তার যে সরকারি বাড়ি, সেই বাড়ির চারিদিকে চিত্র প্রদর্শনী করলেন। সেই চিত্র প্রদর্শনী ৭১ থেকে শুরু করে জুলাই… সেইখানে দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার কোনো ছবি নেই। এটা থেকেই বোঝা যায় যে তাদের অন্তরের মধ্যে কি কাহিনী তারা লিপিবদ্ধ করে রেখেছেন।
বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ৭১ এর পথ ধরেই ৯০, ৭১ এর পথ ধরেই জুলাই। কারণ সেই চেতনা আছে যে এদেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে, এদেশের মানুষ স্ট্যানগান নিয়ে নদীর সাঁতরে শত্রুর শিবিরে ধরা দিতে পারে। সেটাই হচ্ছে আমাদের ইতিহাস। সেটাই আমাদের ঐতিহ্য। সেটাই আমাদের গর্বের সম্পদ। সেটারই উত্তরাধিকার হচ্ছে আজকের প্রজন্ম।

ডেস্ক রিপোর্ট 






















