দলবদল নিয়ে এবার প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন ভারতের হুগলির সংসদ সদস্য রচনা ব্যানার্জি। সম্প্রতি চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারতমাতা পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে দল পরিবর্তনের কারণ ও নিজের বিতর্কিত ‘আরবানা’ মন্তব্য নিয়ে কথা বলেন তিনি।
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে রচনা বলেন, তৃণমূল নির্বাচনে জয়ী হলে তিনি দল পরিবর্তন করতেন না। তার ভাষায়, তৃণমূল ক্ষমতায় থাকলে তিনি দলেই থাকতেন। কিন্তু দল নির্বাচনে হেরে যাওয়ার পর এলাকার মানুষের জন্য কাজ করতে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
রচনার দাবি, তৃণমূলে থাকার সময় শুরুতে এলাকার উন্নয়নমূলক কাজ করতে নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ না পাওয়ার বিষয়টিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে বলতেন বলে জানান তিনি।
তবে তৃণমূল ক্ষমতা হারানোর পর আরও তিন বছর অপেক্ষা না করে দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন রচনা। তার দাবি, রাজ্যের উন্নয়নের জন্য ‘ডাবল ইঞ্জিন’ সরকার প্রয়োজন। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অল্প সময়ের মধ্যেই ভালো কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
রচনা বলেন, সংসদ সদস্য হিসেবে তার এখনও তিন বছর মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যে এলাকার মানুষের জন্য কাজ করাই তার প্রধান লক্ষ্য। তার ভাষায়, ‘তৃণমূল, বিজেপি নাকি সিপিএম—তা আমি বুঝি না, আমি শুধু মানুষের কাজ করাটাকে প্রাধান্য দিতে চাই।’
এদিকে নিজের বহুল আলোচিত ‘আরবানা’ মন্তব্য নিয়েও কথা বলেন রচনা। কলকাতার বিলাসবহুল আবাসন ‘আরবানা’ নিয়ে আগে তার মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। ‘আরবানায় থাকতে যোগ্যতা লাগে’—এমন মন্তব্য করেছিলেন তিনি।
এদিন সেই প্রসঙ্গে রচনা বলেন, এখন তার মনে হয়, ওই মন্তব্য না করলেই ভালো হতো। এক সংসদ সদস্যের আক্রমণের জবাব দিতে গিয়ে আবেগের বশে তিনি এমন মন্তব্য করেছিলেন বলেও জানান।
নিজের জীবনসংগ্রামের কথাও তুলে ধরেন রচনা। তিনি জানান, ছোট একটি ফ্ল্যাটে থেকে বড় হয়েছেন। একসময় আরবানার মতো জায়গায় মা-বাবাকে রাখার স্বপ্ন দেখতেন। দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করেছেন বলেও জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 























