রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। ওসি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ পায়। এ সময় তার মা ও পরিবারের সদস্যরা থানায় ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এক ব্যক্তির সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। রিধিকার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক এবং মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন রিধিকা। বিভিন্ন সময় নিজের কাজ ও মডেলিংয়ের ছবি-ভিডিও প্রকাশ করতেন তিনি। গত ৩০ জুলাই সর্বশেষ একটি পোস্ট দিয়েছিলেন। এরপর আর নতুন কোনো পোস্ট দেখা যায়নি তার সামাজিক যোগাযোগমাধ্যমে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরে অভিনয়েও নিয়মিত কাজ করেন তিনি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

ডেস্ক রিপোর্ট 























