সরকারি উদ্যোগে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানীর তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে যশোরের কেশবপুরে। প্রকৃত ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে স্থানীয় জামায়াত নেতাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইমামদের মাসে ৫ হাজার, মুয়াজ্জিনদের ৩ হাজার এবং খাদেমদের ২ হাজার টাকা করে সম্মানী দেওয়ার জন্য মসজিদের তালিকা তৈরি করা হচ্ছে। কেশবপুরে প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি মসজিদের তালিকা নেওয়া হচ্ছে।
অভিযোগ রয়েছে, পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম মাওলানা আব্দুল রহমান ও খাদেম আব্দুল রাজ্জাকের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও জামায়াত নেতা তবিবুর রহমানকে ‘ইমাম’ এবং গড়ভাঙ্গা ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লাকে ‘খাদেম’ দেখিয়ে তালিকা জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ করেন। পরে তিনি ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিতে পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামালকে নির্দেশ দেন।
তবে অভিযোগকারীদের দাবি, কোনো তদন্ত ছাড়াই আগের তালিকাই চূড়ান্ত করে জমা দেওয়া হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি ইসলাম সরদার বলেন, তালিকা তৈরির বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। স্থানীয় জামায়াত নেতারা নিজেদের পছন্দের নাম দিয়ে তালিকা করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাসুদ কামাল। তার দাবি, মসজিদ কমিটি থেকে পাওয়া তালিকাই তিনি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 






















