কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও দলের আলোচিত নেতা ফজলুর রহমান বলেছেন, “আমাকে জামায়াতে ইসলামী টাইটেল দিয়েছে ‘ফজু পাগলা’। বাংলাদেশে অনেক মসজিদ আছে, কিন্তু কিশোরগঞ্জের পাগলা মসজিদকে মানুষ সবচেয়ে বেশি সম্মান করে। কোটি কোটি টাকা মানুষ সেখানে দান করে। তাই কিশোরগঞ্জের পাগলা মসজিদের এলাকার সন্তান হিসেবে আমি ‘ফজু পাগলা’ উপাধিতে গর্বিত। যারা আমাকে এ উপাধি দিয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাই। এই ‘ফজু পাগলা’র জন্য সারা দেশের মানুষ পাগল।”
রোববার (৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ইটনায় বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, “আমি গত ৮ সেপ্টেম্বর ইটনায় এসেছিলাম। আমার দুর্দিনে ইটনার সব সংগঠনের নেতাকর্মী ও জনতা আমার পাশে দাঁড়িয়েছিলেন। এমন উদাহরণ বাংলাদেশে নেই।”
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে ভেবেছিল আমি মনোনয়ন পাব না। কিন্তু আমি বিশ্বাস রেখেছিলাম—আমার দল বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন। দেশে-বিদেশে আমার বিরুদ্ধে জামায়াত শত কোটি টাকা খরচ করে অপপ্রচার চালিয়েছে, কিন্তু দল আমার প্রতি আস্থা রেখেছে। এজন্য আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “আমি যদি এমপি হতে পারি, তাহলে আল্লাহর রহমতে ও মানুষের দোয়ায় ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেব, ইনশাআল্লাহ।”
ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মো. মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ ঘোষসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 

























