জুলাই আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন।
সম্প্রতি এক সভায় বক্তব্য রাখার সময় মুখ ফসকে তিনি “দেশনেত্রী শেখ” শব্দটি উচ্চারণ করেন। মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ নিয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ব্যাখ্যা পোস্ট করেন স্নিগ্ধ।
তিনি লিখেছেন,
“অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, বরং বাংলাদেশের সেই সকল সাধারণ মানুষের, যারা গত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে।”
স্নিগ্ধ আরও লেখেন,
“যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বপ্নে বা স্বজ্ঞানে— এই হাসিনার নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন— তা কেবল ঘৃণার কারণেই আসে।”
তিনি পোস্টের শেষে বলেন,
“এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।”
উল্লেখ্য, সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়ার পর স্নিগ্ধ জানান, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করার লক্ষ্যেই তিনি এই বৃহৎ রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। পাশাপাশি, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার বিভিন্ন দিক নিয়ে কাজ করার আগ্রহও ব্যক্ত করেছেন তিনি।

ডেস্ক রিপোর্ট 

























