খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার সদস্যদের একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি আর্মি সার্ভিস কোরকে বাংলাদেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল অংশ হিসেবে উল্লেখ করে বলেন, আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সদস্যরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ হতে পারবেন।
এর আগে জেনারেল ওয়াকার-উজ-জামান এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; এবং কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস।
মতবিনিময় সভায় সেনাপ্রধান আর্মি সার্ভিস কোরের প্রযুক্তিগত অগ্রগতি, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সম্মেলনে আর্টডকের জিওসি, বিএমটিএফের মহাপরিচালক, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড্যান্ট এএসসিসিঅ্যান্ডএস এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়করা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 

























