আগামীকাল (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে দেশের মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আগামীকাল সকল দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। তাই কোনো টেনশন নেই। তাদের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, এখন কেবল দুর্গন্ধ ছড়াচ্ছে।”
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স—স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবির বিষয়ে জামায়াতসহ আট দলকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে এর আগে ফিরবেন না। গণভোট বাংলাদেশের হতেই হবে। বিএনপি যদি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না, কারণ দেশের বড় অংশ গণভোট চায়। দলটির নেতাকর্মীরা এখন একদম চুনোপুটি।”
গণভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, “খালেদা জিয়া জনগণের পালস বুঝেছিলেন বলেই বিএনপি দেশের অন্যতম বড় দলে পরিণত হয়। কিন্তু বর্তমান নেতৃত্ব জনগণের সেই পালস ধরতে পারছে না। তারা যদি নিজের পায়ে কুড়াল মারেন, তাহলে আমাদের কিছু করার নেই।”
অন্তর্বর্তী সরকার নিয়ে তিনি বলেন, “এই সরকার এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত এক বছরে যারা ন্যায্য অধিকার নিয়ে সরকারের কাছে গেছেন, তাদের কারও দাবিই পূরণ হয়নি। প্রতিশ্রুতি দেওয়ার পরও জনগণকে আবার রাস্তায় নামতে হচ্ছে—এটা সরকারের জন্য লজ্জার।”

ডেস্ক রিপোর্ট 

























