বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন। অর্গানিক ও সেফ ফুড ব্র্যান্ড ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বনশ্রীতে ঘরের বাজারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘরের বাজারের বিভিন্ন ব্র্যান্ড—স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট এবং ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড তাবায়ার বিভিন্ন ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকবেন মাহমুদউল্লাহ।
অনুষ্ঠানে ঘরের বাজারের ব্র্যান্ড তাবায়ার থোব ও পাঞ্জাবিও পরে দেখেন এই ক্রিকেটার।
মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ‘ঘরের বাজার’। দেশীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা খাদ্যপণ্যও রয়েছে প্রতিষ্ঠানটির পণ্য তালিকায়।
মাহমুদউল্লাহকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন পণ্য ও ব্র্যান্ডের গল্প আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দিতে চায়।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্স, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জন্য পরিচিত মাহমুদউল্লাহ। ঘরের বাজারের দাবি, তার অভিজ্ঞতা ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠানটির মান, আস্থা ও বিশ্বাসের ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন দায়িত্ব নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ঘরের বাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড। তাদের প্রতি আমার আস্থা আছে। ইনশাআল্লাহ, এই অংশীদারত্ব থেকে ভবিষ্যতে ভালো কিছু বের হয়ে আসবে।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহকে নিয়ে তাদের পরবর্তী ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট কার্যক্রম শিগগিরই শুরু হবে। নতুন এই অংশীদারত্বের মাধ্যমে ঘরের বাজারের বিভিন্ন ব্র্যান্ড ও পণ্য আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























