রাজধানীতে শব্দদূষণ কমাতে হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় যেভাবে এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, একই প্রযুক্তি কাজে লাগিয়ে যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন নিয়ন্ত্রণের উপায়ও খুঁজে বের করতে হবে।
বৈঠকে বায়ু ও শব্দদূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার দূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজধানী থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দেন।
শব্দদূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনার পাশাপাশি ঢাকার অন্তত আরও ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল দ্রুত চালুর নির্দেশও দেন তিনি।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, দুই সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















