রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে নির্ধারিত সেই সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।
জেলা প্রশাসক জানান, আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে বলেও জানান তিনি।
এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে সফরের বিষয়টি জানানো হয়েছিল। সেখানে রাষ্ট্রপতির সফর উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই ছিল মির্জা ফখরুলের প্রথম সফর। ফলে সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকেও চলছিল নানা প্রস্তুতি।
তবে সফর স্থগিত হওয়ায় আপাতত সেই কর্মসূচি হচ্ছে না। নতুন তারিখ নির্ধারণ হলে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের পরবর্তী কর্মসূচি জানানো হবে।

ডেস্ক রিপোর্ট 





















