সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়েই হবে এবং কে মনোনয়ন পাবেন, সে সিদ্ধান্ত নেবে দল—এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নির্ধারিত সময়েই হবে, আর প্রার্থী চূড়ান্ত করবে দল।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
অন্যদিকে, স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি বলেন, এটি নির্বাচন কমিশনের বিষয় এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
জামায়াতের আমিরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল। দীর্ঘদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে দলটি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 
























