জ্বালানি সংকটের মধ্যেই জামায়াতে ইসলামীর ঘোষিত লংমার্চ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, জ্বালানি সংকটের মধ্যে প্রায় এক লাখ লিটার তেল খরচ করে লংমার্চের আয়োজন করতে যাচ্ছে জামায়াত।
রাশেদ খাঁনের অভিযোগ, সরকারের মেয়াদ ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়ার আগেই জামায়াত ‘ক্ষমতার জন্য মরিয়া’ হয়ে উঠেছে। দলটি ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করার সক্ষমতা রাখে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে জামায়াতের কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুক্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রাশেদ। জামায়াতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করে তিনি দাবি করেন, ভবিষ্যতে আলোচনার ভিত্তিতে আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে মাঠে নামতে পারে।
রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াতের লংমার্চে আওয়ামী লীগ যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতেই এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, ক্ষমতার স্বার্থে ‘৭১-এর গণহত্যাকারী দল ও ২৪-এর গণহত্যাকারী দল’ একজোট হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার অভিযোগ, জাতীয় সংকট তাদের কাছে মুখ্য নয়, বরং ক্ষমতাই তাদের প্রধান লক্ষ্য।
সবশেষে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন—জাতীয় সংকটকে সামনে রেখে এত জ্বালানি খরচ করে লংমার্চ আয়োজনের মাধ্যমে জামায়াত আসলে ‘ক্ষমতা না জনতা’—কোনটিকে বেছে নিচ্ছে?

ডেস্ক রিপোর্ট 























