বিশ্বকাপে ইতিহাস গড়া সবচেয়ে ছোট দেশ কেপ ভার্দের সামনে এবার সবচেয়ে বড় পরীক্ষা। রাউন্ড অব ষোলোতে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শক্তিশালী প্রতিপক্ষকে মোটেও ভয় পাচ্ছে না আফ্রিকার দেশটি। বরং বড় অঘটন ঘটিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে তারা।
মিয়ামিতে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কেপ ভার্দের কোচ বলেন, দলের খেলোয়াড়দের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। সাহস ও আত্মবিশ্বাস নিয়েই তারা মাঠে নামবেন। তার বিশ্বাস, কঠিন হলেও আর্জেন্টিনাকে চাপে ফেলার সামর্থ্য রয়েছে তার দলের।
কোচের ভাষায়, তারা শুধু ম্যাচ খেলতেই মাঠে নামবে না, জয়ের লক্ষ্য নিয়েই লড়বে। খেলোয়াড়দের প্রতি তার বার্তা—ম্যাচ উপভোগ করতে হবে, তবে পরের রাউন্ডে ওঠার জন্য নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে হবে।
এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে থাকা লিওনেল মেসি কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে কেপ ভার্দের কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের পরিকল্পনা কেবল মেসিকে ঘিরে নয়। তার মতে, আর্জেন্টিনা শুধু মেসির দল নয়, তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং একটি শক্তিশালী ইউনিট। তাই পুরো দলকেই মোকাবিলার প্রস্তুতি নিয়েছে কেপ ভার্দে।
মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ড্র করে তারা ইতিহাস গড়ে শেষ ষোলো নিশ্চিত করে।
এবার সেই ইতিহাসকে আরও সমৃদ্ধ করার স্বপ্ন দেখছে কেপ ভার্দে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি উপহার দিতে পারলেই রূপকথার নতুন অধ্যায় লিখবে আফ্রিকার ছোট্ট দেশটি।

ডেস্ক রিপোর্ট 
























