এবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ–সংক্রান্ত বহিষ্কারাদেশ জারি করা হয়।
জানা যায়, বিশ্বকাপ ফুটবলে জাপানকে ২–১ গোলে হারিয়ে ব্রাজিলের জয়ের পর থ্রি–পিস পরে নেচে–গেয়ে আনন্দ প্রকাশ করেন মিন্টু। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ।

ডেস্ক রিপোর্ট 
























