মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলেও ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের আশা ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, সংঘাতের অবসান ঘটাতে তেহরানের সঙ্গে একটি চুক্তি এখনও সম্ভব।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি মনে করি, ইরানের সঙ্গে একটি চুক্তি অবশ্যই সম্ভব।”
তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন সাম্প্রতিক বিরতির পর আবারও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ আরোপ করা হয়েছে। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
ট্রাম্প জানান, মাত্র দুই দিন আগেও দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে ইরান আরও সময় চেয়ে জানায়, বিষয়টি নিয়ে তাদের আরও আলোচনা প্রয়োজন।
সব মিলিয়ে, সামরিক উত্তেজনা চললেও কূটনৈতিক আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি—এমন বার্তাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ডেস্ক রিপোর্ট 

























