ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, আর্থিক দিক থেকেও বড় উৎসব। আর সেই উৎসবের লাভের অংশীদার হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন—বাফুফেও।
২৩তম বিশ্বকাপে রেকর্ড ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা, যা আগের আসরের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি। টুর্নামেন্ট শেষে ফিফার আয়ের একটি বড় অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পেতে যাচ্ছে।
সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ফিফার মূল লক্ষ্যই হলো সদস্য দেশগুলোর ফুটবলের উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়া। বিশ্বকাপ থেকে অর্জিত আয় তাই বিশ্বের সব সদস্য ফুটবল ফেডারেশনের মধ্যেই বণ্টন করা হয়।
এবারের বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল শুরুতেই পেয়েছে ২৫ লাখ ডলার। এরপর প্রতিটি ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে বেড়েছে পুরস্কারের অঙ্ক। চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি ডলার, আর রানার্সআপের জন্য থাকছে ৩ কোটি ৩০ লাখ ডলার।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের এই উন্নয়ন তহবিল বাংলাদেশের ফুটবলের অবকাঠামো, বয়সভিত্তিক দল এবং খেলোয়াড় তৈরির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডেস্ক রিপোর্ট 






















