রাজনীতিতে আসার আগে একজন ব্যবসায়ী হিসেবেই কর্মজীবন শুরু করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ব্যবসার সফলতা শুধু উদ্যোক্তার দক্ষতা নয়, বরং সরকারের বিনিয়োগবান্ধব নীতির ওপরও অনেকটাই নির্ভর করে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে প্রধানমন্ত্রী দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, নতুন সরকার বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা, সহজ কর ও ভ্যাট ব্যবস্থা, দ্রুত সেবা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
তারেক রহমান জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ জন্য নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাত শিল্প, উন্নত বস্ত্রশিল্প ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের রয়েছে বিশাল অভ্যন্তরীণ বাজার, তরুণ জনশক্তি ও কৌশলগত ভৌগোলিক অবস্থান। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে একটি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি দেশি-বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশের এই অগ্রযাত্রার অংশ হওয়ার আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 
























