যুক্তরাজ্যের এসেক্সের একটি সৈকতে বেড়াতে গিয়ে জোয়ারের প্রবল স্রোতে ভেসে মা, মেয়ে ও এক শিশুসহ একই ব্রিটিশ-বাংলাদেশি পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান, তাদের ১৫ বছর বয়সী মেয়ে সামিয়া রহমান এবং সেলিনার বোনের ৯ বছর বয়সী ছেলে মুসা আহমেদ। শেখ মনসুর রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার এসেক্সের কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সিয়া সৈকতে বেড়াতে যান তারা। এ সময় হঠাৎ জোয়ারের তীব্র স্রোতে শিশু মুসা ভেসে গেলে তাকে উদ্ধার করতে পানিতে নামেন সেলিনা রহমান। মাকে অনুসরণ করে পানিতে নামে মেয়ে সামিয়াও। কিন্তু শেষ পর্যন্ত তিনজনই স্রোতের তোড়ে ডুবে যান।
ঘটনার পরপরই স্থানীয় পুলিশ, কোস্টগার্ড, লাইফবোট দল, হেলিকপ্টার ও এয়ার অ্যাম্বুলেন্স উদ্ধার অভিযান চালায়। পরে তিনজনকেই মৃত ঘোষণা করা হয়। তাদের মরদেহ বাংলাদেশে এনে দাফন করা হবে কি না, সে বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ডেস্ক রিপোর্ট 























