অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে গিয়েছিলেন নামাজ আদায় করতে। কিন্তু আর ফেরা হলো না। নামাজ শেষে হাসপাতালের দিকে ফেরার পথেই দুটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন এক দোকানি।
মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়ায়। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ আলমগীর, বয়স ৫৬। তিনি আমিরাবাদ ইউনিয়নের তালুকদারপাড়া এলাকার বাসিন্দা এবং হাসপাতালের পাশেই একটি ভাতের হোটেল পরিচালনা করতেন।
স্থানীয়দের ভাষ্য, অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে পাশের একটি মসজিদে নামাজ আদায় করতে যান আলমগীর। নামাজ শেষে হাসপাতালের দিকে ফেরার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























