রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন রিয়া খাতুন নামে এক তরুণী। শুক্রবার ভোরে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহত রিয়া খাতুনের বয়স ২০ বছর। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ার কষ্ট ও শারীরিক অসুস্থতায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর তিন দিন আগে তাঁকে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, ভোরে পাশের বেডের এক স্বজন তাঁকে জানালে তিনি মেয়েকে থামানোর চেষ্টা করেন। ওয়ার্ডে থাকা অন্য রোগী ও স্বজনরাও তাকে নিবৃত্ত করতে এগিয়ে আসেন। কিন্তু কারও কথা না শুনে রিয়া অষ্টম তলা থেকে নিচে লাফ দেন। নিচে একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে দ্রুত তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘিরে হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে।

ডেস্ক রিপোর্ট 

























