ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সীমিত হয়ে পড়ার পেছনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের ঘাটতিকে দায়ী করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে ব্যাখ্যা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন দাবি করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের ঘাটতি কেন কাটানো যায়নি, সে বিষয়ে হেগসেথের কাছে জবাব চান। প্রতিবেদনে আরও বলা হয়, এই অস্ত্র সংকটের কারণেই ইরানের বিরুদ্ধে বড় পরিসরে অতিরিক্ত বিমান হামলা চালানো থেকে বিরত থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।
ওয়াশিংটন পোস্টের দাবি, বৈঠকে হেগসেথ নিজের অবস্থান ব্যাখ্যা করে উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গকে মজুত পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টকে যথাযথভাবে অবহিত না করার জন্য দায়ী করেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নতুন উৎপাদন চুক্তি হলেও একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে প্রায় দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।
তবে এ প্রতিবেদন পুরোপুরি নাকচ করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট একে ‘শতভাগ ভুয়া খবর’ বলে দাবি করেছেন। আর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রেসিডেন্টকে কোনোভাবেই বিভ্রান্ত করেননি এবং তার প্রতি ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 























